কসবায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা শ্যামল কুমার রায়সহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। এসময় ৫টি মোটর সাইকেল ভাংচুর হয়।
জানা যায়, দুপুর ২টার দিকে উপজেলার সৈয়দাবাদ কলেজ থেকে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শ্যামল কুমার রায়ের নেতৃত্বে আড়াই শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে মিছিলসহকারে কসবার বায়েক গ্রামে পূর্ব নির্ধারিত সমাবেশস্থলের দিকে যাওয়ার পথে বায়েক গ্রামের মোড়ে পৌঁছলে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ আলমের অনুসারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোটর সাইকেল বহরের উপর হামলা চালায়। হামলায় কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এমদাদুল হক, মোঃ তসলিম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম স্বপন, কামাল হোসেন, গোলাম জিলানী, মোঃ আলামিন, রউফ, মিজানুর রহমানসহ কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়। হামলাকারীরা মিছিলকারীদের পাঁচটি মোটর সাইকেলের ভাংচুর করে। এসময় স্থানীয় গ্রামবাসী আতংকে দিগ্বিদিক পালাতে থাকে। সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ও জেলা সদর হাসপাতালে চিকিত্সা নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।