যশোরে ছাত্রলীগ নেতা ও বৃদ্ধ খুন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
যশোরে পৃথক ঘটনায় এক ছাত্রলীগ নেতা ও এক বৃদ্ধ খুন হয়েছেন। চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলামকে (২৭) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হামলার শিকার হওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকায় তার মৃত্যু হয়। নিহত আমিরুল ইসলাম উপজেলার বন্দুলীতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, বাড়ির আশেপাশে গাঁজা সেবন করতে নিষেধ করায় আলতাফ হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার নওদাগ্রামের বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ফিরোজ নামে এক যুবককে আটক করেছে।