সাভারে তেলবাহী ট্রাক থেকে সাত বস্তা ফেন্সিডিল উদ্ধার

সাভারে একটি তেলবাহী ট্রাক থেকে আমদানি নিষিদ্ধ সাত বস্তা বিদেশি ফেন্সিডিল উদ্ধার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বেনাপোল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় যমুনা অয়েল কোম্পানির তেলবাহী ট্রাকে অভিযান চালিয়ে ফেন্সিডিলের এ চালান উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালকসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো নারায়ণগঞ্জের পঞ্চবটি ফতুল্লার শ্যামল খান, বিপ্লব মিয়া এবং বাপ্পি। ঢাকা জেলা ডিবি (উত্তর) এসআই জানান, যমুনা অয়েল কোম্পানির তেলবাহী ট্রাকে করে ফেন্সিডিলের একটি বিশাল চালান ফতুল্লার উদ্দেশ্যে আসছে এমন খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় পুলিশী টহল স্থাপন করা হয়। রাত সাড়ে ৮টার দিকে তেলবাহী যমুনা অয়েল কোম্পানির এ ট্রাকটিকে ব্যারিকেড দিয়ে থামানো হয়। এসময় ট্রাকের ভিতর থেকে সাতটি বস্তা থেকে কমপক্ষে ১৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকে থাকা আরো দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।