পাথরঘাটায় সাওদা’র বাড়িতে শোকের মাতম
বরিশাল অফিস ও পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি প্রেমিক রাসেলকে গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান চালানো হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহত সাওদার মা শাহিদা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতেই কোতয়ালী মডেল থানায় রাসেলসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রাসেলের সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু বিপুল বাড়ৈকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করে। তাকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের নানান তথ্য পেয়েছে। তাকে গতকাল শুক্রবার হত্যা মামলার আসামি দেখিয়ে আদালতে চালান দেয়া হয়।
এদিকে সাওদার হত্যার বিচারের দাবিতে গতকাল পাথরঘাটায় স্থানীয়রা ও নগরীতে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার দিন রাতেই সিনেটের সভা ডেকে রাসেলকে বহিষ্কার করে। এছাড়া গতকাল থেকে তিন দিনের জন্য শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাওদার বরগুনার পাথরঘাটার বাড়িতে সবাই শোকে কাতর। সবাই আছে তার লাশ আসার অপেক্ষায়। এ রিপোর্ট গতকাল সন্ধ্যায় লেখা পর্যন্ত ঢাকা থেকে সাওদাকে বহনকারী লাশ গ্রামের বাড়িতে পৌঁছেনি।