পাটুরিয়া-দৌলতদিয়া রুটে আটকে থাকা ফেরি ৩ দিনেও উদ্ধার হয়নি
শিবালয় ও গোয়ালন্দ সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
পদ্মায় তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে গত বুধবার আটকে যাওয়া ফেরি শাহজালাল গতকাল শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি। ফেরিতে পচনশীল ও জরুরি পণ্য বোঝাই ১০টি ট্রাক, মাইক্রো-প্রাইভেটকারসহ ১৩টি ছোট যানবাহন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এখনো ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। গত বৃহস্পতিবার থেকে বড় ফেরি চললেও গতকাল থেকে খুবই কম সংখ্যক দূর পাল্ল¬ার যাত্রীবাহী নিয়ে বাস পারাপার করেছে। কিন্তু ফেরির নাগাল পেতে ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বিআইডব্লিউটিসি’র আরিচা সেক্টর ম্যানেজার বিদ্যুত্ কুমার সাহা বলেন, ৪টি কে-টাইপ ও অর্ধেক বোঝাই ৪টি রো-রো ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ড্রেজিং অব্যাহত থাকলে পূর্ণ বোঝাই দিয়ে ফেরি চালানো সম্ভব হবে।
এ সংস্থার ডিজিএম শাহাদত্ হোসেন বলেন, শাহজালাল ফেরি পাটুরিয়া থেকে অর্ধেক বোঝাই করে দৌলতদিয়ায় গিয়ে ফেরার পথে পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে চ্যানেল থেকে সরে ডুবোচরে আটকা পড়ে। এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকলে এ সংস্থা প্রতিদিন প্রায় ১৫ লক্ষ টাকার রাজস্ব আয়ে বঞ্চিত হয়। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং ইউনিট জরুরি ভিত্তিতে চ্যানেল তৈরি করলেও তীব্র স্রোত ও অত্যধিক পলি জমে তা ভরাট হয়ে যায়।