ট্রাক-লরি সংঘর্ষে ৪০ কিমি যানজট
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
ট্রাক-লরির সংঘর্ষে গতকাল শুক্রবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ৪০ কিলোমিটার জুড়ে যানজট দেখা গেছে।এসময় তীব্র যানজটে মহাসড়কের কুমিল্লার আলেখারচর থেকে রায়পুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা স্থবির হয়ে পড়ে ।
গতকাল ভোর ৪টা থেকে মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়া এলাকায় ওই দুর্ঘটনার পর এ যানজটের সূত্রপাত ঘটে।হাইওয়ে পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলেও যানজট কমেনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যানজট অব্যাহত রয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট জানান, দুর্ঘটনায় লরির চালকসহ দুই জন মারাত্মক আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ বাংলাদেশ পূর্বাঞ্চল কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) শৈলেন চাকমা জানান, আলেখারচর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত একটানা যানজট নেই।তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।