উজিরপুরে ইমামকে শ্বাসরোধ করে হত্যা
বরিশাল অফিস ও বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
উজিরপুরের ধামুরা বন্দর এলাকায় মাহমুদ হাসান নামে মসজিদের এক ইমামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধামুরা বন্দর সংলগ্ন এয়ারটেল টাওয়ারের পাশের এক বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাফেজ মাহমুদ হাসান উত্তর ধামুরা জামে মসজিদে ইমামতি করতেন। তিনি ধামুরা এলাকার বাসিন্দা মাওলানা আবুল হাসেম বেপারীর ছেলে। গতকাল শুক্রবার বিকেলে ময়না তদন্ত শেষে তার লাশ এলাকায় নিয়ে আসলে ধামুরা বন্দরের ব্যবসায়ী ও শত শত এলাকাবাসী হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন হাফেজ মাহমুদ হাসান। রাতে ধামুরা বন্দর সংলগ্ন এয়ারটেল টাওয়ারের পাশের মিথুন মিয়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাফেজ মাহমুদ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ওসি জানান। লাশ উদ্ধারের পর থেকে বাসার মালিক মিথুন মিয়া পলাতক রয়েছেন।
নাম না প্রকাশের শর্তে পুলিশের এক কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত হাফেজ মাহমুদ হাসান ইমামতির পাশাপাশি ব্যবসা করতেন। একই এলাকার হারুন মিয়ার ছেলে মিথুন মিয়ার সঙ্গে তার ব্যবসায়িক কোন্দল ছিল। দুপুরে মাহমুদ হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মিথুন মিয়া।