সিরিয়ার বিদ্রোহীদের নৃশংসতার ভিডিও চিত্র ফাঁস

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী দেশটির বিদ্রোহী ও নিরীহ জনগণের বিরুদ্ধে রাসায়নিক হামলা চালিয়ে সহস্রাধিক মানুষ হত্যা করেছে এমন অভিযোগে যুক্তরাষ্ট্র যখন সিরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, তখন আসাদের নিরাপত্তা বাহিনীর উপর চরম নৃসংসতা চালানোর প্রমাণ পাওয়া গেছে দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধেও। এমন একটি ভিডিও ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। এতে উঠে এসেছে এক চরম বর্বরতার চিত্র। ভিডিওতে দেখা যায় সাতজন ধরা পড়া সিরিয় সেনা সদস্যকে। তাদের পরনে প্যান্ট ছাড়া শরীরে অন্য কোনো কাপড় নেই। সারা শরীরে আঘাতের চিহ্ন। সবার হাত পেছনে বাঁধা। মাথা মাটিতে ঠেকানো। পেছনে অস্ত্র হাতে দাঁড়িয়ে ১০ বিদ্রোহী। অস্ত্র হাতে থাকা একজন কবিতার মতো করে কয়েকটি লাইন পাঠ করলেন। শেষে গুলি করে হত্যা করা হলো ওই সাত জনকে। ভিডিওটিতে দেখা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এ সাত সেনাকে হত্যার আগে বিদ্রোহী নেতা আবদুল সামাদ ইসা প্রথম গুলি ছোড়েন। ‘চাচা’ নামে পরিচিত আবদুল সামাদ ইসা বলেন, এরা গত চল্লিশ বছরের দুর্নীতির সহযোগী। আমাদের শপথ হচ্ছে, আমরা প্রতিশোধ নেব।’ গত এপ্রিলে ধারণ করা হয় এ ভিডিওটি। যে বিদ্রোহী ভিডিওটি ফাঁস করেছে তিনি বলেন, তার এক সময়ের কমরেডদের নৃশংসতার কৌশলে তিনি বেদনাহত হয়েছেন। ভিডিও ফুটেজ প্রদানকারী ইসার সাবেক ওই সহযোদ্ধা আরও জানান, ধর্ষণ, লুটপাটসহ তাদের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্য ভিডিও করেছেন তারা। বীরত্ব দেখিয়ে বেশি করে অনুদান পাওয়া যাবে এ আশায় হত্যার দৃশ্য ধারণের অনুরোধ করেছিলেন ইসা।