এবার রাজশাহীতে সরকারের উন্নয়ন কাজের বিলবোর্ড

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি সম্বলিত বিলবোর্ড এখন রাজশাহী মহানগরীতে। গত বুধবার বিকাল থেকে মহানগরীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় এসব বিলবোর্ড। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বিলবোর্ড টানানোর বিষয়টি স্বীকার করেছেন। তবে সরকার বিজ্ঞাপন প্রচার করে নিজেদের জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গত বৃহস্পতিবার রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বুধবার রাতের মধ্যেই ডিজিটাল ব্যানারগুলো বিভিন্ন মোড়ের বিলবোর্ডে টাঙ্গানো হয়েছে। এ বিষয়ে মহানগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। রাজশাহী মহানগরীর প্রবেশপথ বিনোদপুর, কাজলা, তালাইমারী, ভদ্রারমোড়, পুরাতন বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, শহীদ কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর, রামেক হাসপাতাল, সিএন্ডবি, সাহেব বাজার, কুমারপাড়া, আলুপট্টির গুরুত্বপূর্ণ মোড়ের বিলবোর্ড এবং স্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বিশাল ডিজিটাল ব্যানারে বিগত সাড়ে চার বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি স্থান পেয়েছে। ডিজিটাল ব্যানারগুলো নির্ধারিত বিলবোর্ড ছাড়াও বিভিন্ন উঁচু ভবনে ঝুলিয়ে রাখা হয়েছে। জানা গেছে, বেশিরভাগ বিলবোর্ডে কোন বিজ্ঞাপন ছিল না। চুক্তির সময়সীমা শেষে পুনরায় ভাড়ার জন্য ফাঁকা ছিল। তবে কোথাও কোথাও পূর্বের বিজ্ঞাপনের উপর সরকারের ডিজিটাল ব্যানার টাঙ্গানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, সরকারের উন্নয়নের বিষয়গুলো প্রচার করা আমাদের অধিকার। সেই জায়গা থেকে রাজশাহী মহানগরীতে ৪০/৪৫টি বিলবোর্ড ভাড়া নিয়ে বুধবার বিকাল থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা চালাচ্ছি। বিলবোর্ড ভাড়া নিয়েছি,তাই এখানে বিতর্কের কোন অবকাশ নেই।