সুজানগরে ডেইরি ফার্মে বিষ প্রয়োগ করে চারটি গরু হত্যার অভিযোগ

সুজানগরের ঘোড়াদহ গ্রামের আল-কায়েদ ডেইরি ফার্মের গো-খাদ্যে প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে চারটি গরু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে এই ঘটনা ঘটে। আল-কায়েদ ডেইরি ফার্মের মালিক মামুন হোসেন জানান, তিনি দীর্ঘদিন নিজস্ব জমির উপর ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করে গরু লালন-পালন করে আসছেন। বুধবার বিকালে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ফার্মের ঘাসে বিষ প্রয়োগ করে। ওই ঘাস খেয়ে চার গরু মারা যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয় বলে ফার্ম মালিক মামুন জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামালউদ্দিন বলেন, আমি বিষয়টি জানার পর ফার্ম পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বিষাক্ত ঘাস খেয়েই গরু চারটি মারা গেছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।