সংবাদ সংক্ষেপ

চট্টগ্রামে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ

চট্টগ্রাম অফিস চট্টগ্রামে পিএইচপি ফ্যামিলি ও আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর হযরত শাহ আমানত (রহ) মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান। তিনি বলেন, দেশকে দরিদ্রতার হাত থেকে রক্ষা করতে হবে। বিত্তশালী লোকেরা এগিয়ে এলে দরিদ্রতা আর থাকবে না। তিনি জমি প্রাপ্তি সাপেক্ষে চট্টগ্রামে একটি বিশ্বমানের হাসপাতাল গড়ে তোলার ঘোষণা দেন।  শাহ আমানত (রহ) মাজার শরীফের মোতোয়াল্লী শাহজাদা শরফুদ্দিন মো. শওকত আলী খানের (শাহীন মিয়া) সভাপতিত্বে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।

গরীব ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নড়াইল প্রতিনিধি নড়াইলে বৃহস্পতিবার গরীব ও দুস্থ ২৫টি পরিবারের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন  মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি এসব সেলাই মেশিন বিতরণ করেন। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা জজের সঙ্গে আইনজীবীদের মতবিনিময়

মাগুরা প্রতিনিধি মাগুরা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে নবাগত মাগুরার জেলা ও দায়রা জজ কামরুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসকেন্দার আজম বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার নবাগত জেলা ও দায়রা জজ কামরুল হাসান। আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ প্রণয় কুমার দাস, পিপি অ্যাডভোকেট কামাল হোসেন, জিপি অ্যাডভোকট মাহাবুব মোর্শেদ বাবলা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মোহন, অ্যাডভোকেট আহম্মদ হোসেন, অ্যাডভোকেট গোলাম নবী প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম সভা পরিচালনা করেন।

খুলনায় উন্মুক্ত বাজেট সভা

খুলনা অফিস খুলনায় বৃহস্পতিবার উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এবং দামোদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভুঁইয়া। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন করেন দামোদর ইউনিয়ন পরিষদের সচিব এস এম রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা ও সনাক সভাপতি আনোয়ারুল কাদির। স্বাগত বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য সরদার আব্দুর রহমান।

ফাইনান্সিয়াল লিটারেসি অন এসএমই ব্যাংকিং বিষয়ে কর্মশালা

দিনাজপুর অফিস এসএমই ফাউন্ডেশন থেকে ঋণদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে বৃহস্পতিবার দুই দিনব্যাপী ফাইনান্সিয়াল লিটারেসি অন এসএমই ব্যাংকিং বিষয়ে কর্মশালা শুরু হয়েছে। দিনাজপুর পর্যটন মোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের নির্বাহী পরিচালক মো. গোলাম হায়দার। এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিজিএম শহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক রংপুরের ডিজিএম ফজলার রহমান।