ডিএসইতে পিই রেশিও কমেছে
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৮১ শতাংশ কমেছে। তথ্য অনুযায়ী ডিএসই’র বর্তমান গড় পিই রেশিও ১৫ দশমিক ১০। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১৫ দশমিক ২২। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০.১২ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত দুই সপ্তাহ পিই রেশিও কিছুটা কমলেও এর আগে প্রায় ৩ সপ্তাহ ধরে সার্বিক বাজার পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। আর গত সপ্তাহে কোম্পানিগুলোর দরের সংশোধন হওয়ার কারণে পিই রেশিও কিছুটা কমেছে। কিন্তু কোম্পানিগুলোর আয় বৃদ্ধিতে পিই রেশিও কমার নজির খুব কম।
এদিকে সপ্তাহের ব্যবধানে সামান্য কমে আসার পর যে পিই রেশিও দাঁড়িয়েছে তাতে এখনো বিনিয়োগবান্ধব পরিস্থিতি রয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। পিই রেশিও ১৫-এর উপরে উঠে পড়ায় সংশোধনের মাধ্যমে তা নিচে নেমে আসছে। এটি বাজারের স্বভাবিক আচরণ। তবে কিছু কিছু কোম্পানির পিই রেশিও বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। এসব কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনা করেই পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি বছর আরো একবার পিই ১৫’র উপরে উঠেছিল। পরবর্তীতে সংশোধন হয়ে তা ১৩’র ঘরে চলে গিয়েছিল।