পরিসংখ্যান ব্যুরোকে তথ্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলার তাগিদ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি সমন্বিত তথ্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্যকে আরো গ্রহণযোগ্য ও যুগোপযোগী আধুনিক করতে উন্মুক্ত তথ্য পদ্ধতি, ডাটা সেন্টার স্থাপন, এসংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতাসহ সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) বাড়ানো প্রয়োজন।
নবগঠিত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভিশন পরিকল্পনা ও কৌশল সম্পর্কিত বিষয়ে দিক নির্দেশনা ও মতামত জানানোর উদ্দেশ্যে গতকাল বিবিএস ভবনে আয়োজিত এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মতিউর রহমান খান। আইসিটি ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এরূপ সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে এ কর্মশালাটি আয়োজন করা হয়। এতে ভিশন ডকুমেন্ট উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. আজিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরামর্শক ফকরুজ্জামান।
কর্মশালায় বক্তারা বলেন, তথ্য ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন এসেছে। এটি এখন বিজ্ঞানের পৃথক একটি শাখা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বিবিএস-এর তথ্য ব্যবস্থাপনা পূর্বের চেয়ে আরো গ্রহণযোগ্য ও আধুনিক হয়েছে। তথ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক করতে নীতিসহায়তার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।