ফেরির ওপর জুয়ার আসর সর্বস্বান্ত হচ্ছে যাত্রী সাধারণ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
দৌলতদিয়া— আরিচা রুটে চলাচলকারী আধুনিক ফেরিগুলোতে রাতের বেলা ঘাট থেকে ছাড়ার পরপরই ১৫/২০ জনের একটি দল খবরের কাগজ বিছিয়ে তাস নিয়ে জুয়ার বাজি ধরা খেলা শুরু করছে। তাদের ঘিরে যারা প্রথমেই খেলা শুরু করে তারা সবাই ওই দলেরই সদস্য। তাদের দেখাদেখি ভিড় করে সাধারণ যাত্রীরা। কৌশলে ওই চক্রটি বাস যাত্রীদের কাছ থেকে টাকা-ঘড়ি-মোবাইল ইত্যাদি হাতিয়ে নেয়। একই সঙ্গে রাতের বেলা টয়লেট ব্যবহার অথবা দোতলা তিনতলায় ক্যান্টিনে যাতায়াতকারী পুরুষ-মহিলা যাত্রীদের চলাচলের রাস্তা আটকে দিয়ে ভিড় সৃষ্টির মাধ্যমে পকেট, ভ্যানিটি ব্যাগ কাটে। খোঁজ নিয়ে জানা গেছে, এরা সবাই আন্ত:জেলা গাড়ি ডাকাতি দলের সদস্য। বর্তমানে হাইওয়ে সড়কগুলোতে পুলিশি তত্পরতা বৃদ্ধি পাওয়ায় ভিন্ন কৌশলে এরা ফেরিগুলোতে দখল নিয়েছে। প্রায় প্রতিটি ফেরিতে ১৫/২০ জনের এই সন্ত্রাসী দলগুলো খুবই ভয়ংকর। প্রতিবাদকারী যাত্রীদের তারা রাতের অন্ধকারে ফেরি থেকে নদীতে ফেলে দেয়ার হুমকি পর্যন্ত দিয়ে থাকে। ফেরি স্টাফদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তারা কোনো গুরুত্বই দেয় না। বিষয়টিও সন্দেহজনক। এ ব্যাপারে স্বরাষ্ট্র ও নৌমন্ত্রণালয়ের দৃৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।
শাহারিয়ার হোসেন, ফুলবাড়িগেট, কুয়েট, খুলনা