জীবনের মূল্য ১০ লাখ টাকা!
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৮
কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত যৌতুক না দেয়ায় স্বামীর পিটুনীতে নিহত গৃহবধূ লতিফা বেগমের জীবনের মূল্য ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ঐ পরিমাণ টাকা স্বামীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে শ্রীপুর ইউপি কার্যালয়ে আয়োজিত সালিশ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের কৈয়ানী গ্রামে যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে ব্যবসায়ী নূরুল হক তার স্ত্রী লতিফা বেগমকে গত ২ সেপ্টেম্বর পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ লতিফার সতিন হোসনে আরাকে আটক করে। পরদিন লতিফার ভাই মনু মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নূরুল হক, দ্বিতীয় স্ত্রী হোসনে আরা, পিতা সামছুল হক ও ভাই জহুরুল হককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘাতক স্বামী নূরুল হক বিষয়টি মীমাংসার জন্য রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের নিকট ধরনা দেয়। শুক্রবার রাতে শ্রীপুর ইউপি কার্যালয়ে চেয়ারম্যান শাহজালাল মজুমদারসহ বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে গণ্যমান্য ব্যক্তিরা নূরুল হককে ১০ লাখ টাকা জরিমানা করেন ও মামলা তুলতে যাবতীয় খরচ বহনের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন। এ ব্যাপারে মামলার বাদী মনু মিয়া শনিবার জানান, গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে সালিশ বৈঠকে যাই। তারা নূরুল হককে ১০ লাখ টাকা জরিমানা করে যে সিদ্ধান্ত দিয়েছে, তাই মেনে নিয়েছি’।