মহালছড়ি কলেজে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের সংঘর্ষ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি কলেজে শনিবার সকালে পাহাড়ি বাঙালি ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, মঞ্জুরুল আলম, হুমায়ূন কবির, মো. রনি, ফরিদুল ইসলাম, মো. সোহেল, মো. কালু, মিল্টন চাকমা, বিনীত চাকমা , প্রতুল খীসা এবং অজ্ঞাত অপর এক ব্যক্তি। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি কলেজে শ্রেণী কার্যক্রম বন্ধ করে মিটিং করতে চাইলে কিছু বাঙালি ছাত্র এতে বাধা দিলে এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। তখন পাহাড়ি ছাত্ররা মঞ্জুরুল আলম নামের এক বাঙালি ছাত্রসহ কয়েকজনকে বেধড়ক মারধর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে বাঙালি ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত বাঙালি ছাত্ররা কলেজের জানালা-দরজার গ্লাস ও মহালছড়ি উপজেলা জনসংহতি সমিতির (এমএন লারমা) অফিস ভাংচুর করে। সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার পর মহালছড়ি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।