পররাষ্ট্রমন্ত্রীর বিশ্ব ভ্রমণেও কূটনৈতিক সাফল্য আসেনি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩১
সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী উড়াল পাখির মতো শতাধিকবার বিশ্ব ভ্রমণ করলেও কূটনীতিক ক্ষেত্রে কতটুকু সাফল্য অর্জিত হয়েছে দেশবাসীর কাছে তা স্পষ্ট নয়। প্রতিবেশি দেশগুলোর সাথে যে সমস্যা রয়েছে তারও মীমাংসা করতে ব্যর্থ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাধীনতার কূটনীতিক যুদ্ধ’ শীর্ষক অধ্যাপক আবু সাইয়িদের থিসিসের ওপর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, আমাদের পররাষ্ট্রনীতির অবস্থা হল, যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের কাছে আমরা কী চাই, সেটাই আমরা ভালো করে জানি না। বাংলাদেশের ভালো কী, কোনো দলই তা স্পষ্ট করে জানে না।
ফোরাম একাত্তর আয়োজিত এই সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল মান্নান, সুলতান মো. মনসুর আহমেদ প্রমুখ।