দেশব্যাপী শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’

এ দেশের টিভি নাটকের শিল্পী, নাট্যকার, গল্পকার ও পরিচালকের স্বল্পতা মুক্ত ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি এটিএন বাংলা ও ব্যাকড্রপ নতুন উদ্যোগ নিয়েছে। নাটক বিষয়ক রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’ দেশব্যাপী শুরু করছেন তারা। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল বিকেলে এই উপলক্ষে এক চুক্তি স্বাক্ষর ও সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ব্যাকড্রপের চেয়ারম্যান মনোয়ার পাঠান চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা রাখেন ব্যাকড্রপের ব্যবস্থাপনা পরিচালক ও এই রিয়েলিটি শোয়ের অন্যতম উদ্যোক্তা আনজাম মাসুদ। চুক্তি স্বাক্ষর শেষে রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’-এর বিস্তারিত উপস্থাপন করেন এটিএন বাংলার উপদেষ্টা ও ‘নাট্যযুদ্ধ’-এর প্রধান সমন্বয়কারী নওয়াজিশ আলী খান। সাংবাদিকদের সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘নাট্যযুদ্ধ’ প্রকল্প প্রধান তুহিন বড়ুয়া। আনজাম মাসুদ বলেন, ‘এই রিয়েলিটি শো ১২টি অঞ্চলে বিভক্ত করে অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো যথাক্রমে, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া ও বরিশাল। দেশের ৬৪টি জেলায় নির্মিত ৬৪টি নাট্যাংশ নিয়ে শুরু হবে নির্বাচনের প্রথম ধাপ। পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিযোগিতার মাধ্যমে সর্বমোট নাটক প্রচার হবে ৯৯টি। আমরা এই রিয়েলিটি শোয়ের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করব।’