জিম্বাবুয়েতে বিষ প্রয়োগে হাতি হত্যার ঘটনায় গ্রেফতার ৬
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
জিম্বাবুয়ের রাজধানী বুলাওয়ে সায়ানাইড দিয়ে ৪১টি হাতি হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এক লাখ ২০ হাজার ডলার মূল্যের হাতির দাঁত উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা মুয়ামব্রিয়া মুজ্জাহ শুক্রবার এক বিবৃতিতে জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েনজ ন্যাশনাল পার্কে কতগুলো ট্রাক অনুসরণ করতে গিয়ে রেঞ্জ পুলিশ বেশকিছু হাতির মৃতদেহ দেখতে পায়। এছাড়া ১ লাখ ২০ হাজার ডলারের হাতির দাঁত রাখা একটি বাক্স উদ্ধার করে বলে জানান এ কর্মকর্তা। হাতির দাঁত সংগ্রহ করতে ছয়জন ফিরে আসলে তাদের গ্রেপ্তার করা হয়। এরা এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার মেইল ও গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, এ অঞ্চলে হাতি শিকার দিন দিন বেড়েই চলেছে। গত বছরই ২৫,০০০ হাতি হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।