বার্সেলোনার খেলার ধারাবিবরণী দেবেন জামাল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লা লিগার ফুটবল ম্যাচের ধারাবিবরণী দেবেন সেটাই আগেই জানিয়েছিলেন। কোন ম্যাচের ধারাবিবরণী দেবেন সেটা নির্ধারণ হচ্ছিল না। সেটিও হয়ে গেছে বলে গতকাল জানিয়েছেন জামাল ভূঁইয়া। গতকাল দুপুরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি বার্সেলোনার এইবারের ম্যাচটির ধারাবিবরণী দেবেন দুবাইভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইন এর হয়ে। জামাল ভূঁইয়া রিয়াল মাদ্রিদের খেলা পেলে বেশি খুশি হতেন। বুধবার রাতে টিভি চ্যানেলের প্রতিনিধিরা জামাল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিয়েছেন বার্সার ম্যাচটির ধারাবিবরণী দিতে হবে। আরো একটি ম্যাচ পাওয়া যাবে তবে সেটি এখনো জানায়নি। সেভিলা-অ্যাটলেটিকো বিলবাও অথবা ভ্যালেন্সিয়া-ভায়াদোলিদর খেলা পেতে পারেন। দুবাইয়ে যাওয়ার পর জানা যাবে দ্বিতীয় কোন খেলাটি পাবেন তিনি। গতকাল রাতে ঢাকা ছাড়ার কথা জামালের।

বার্সেলোনার ম্যাচে বাংলাদেশের ফুটবলার জামাল ভুইয়া বিশ্লেষণ দেবেন, এটা অনেক বড় সম্মানের। জামালের উপর টিভি কর্তৃপক্ষ আস্থা রেখেছে। এর আগেও বিভিন্ন সময় লা লিগার খেলা নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়েছিলেন ফোনে। তার মতামত গুরুত্বসহকারে প্রচারও হয়েছে এবং অনেক ক্ষেত্রেই জামালের বিশ্লেষণ মিলেও গেছে। সেই অভিজ্ঞতায় জামালকে লা লিগায় নেয়া হয়েছে টিভি স্টুডিওতে বসে মতামত দেয়ার জন্য। খেলার আগে, মাঝে এবং শেষে ম্যাচ নিয়ে নানা কথা বলবেন তিনি। ভারতের সুনীল ছেত্রীও থাকতে পারেন জামালের সঙ্গী হয়ে। জামাল এর জন্য ভালো পারিশ্রমিকও পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। জামাল বললেন, ‘আমি ভালো টাকা পেয়েছি কমেন্ট্রি করব বলে।’ আশা করছেন এবার লিগের শেষ দিকে নেয়া হলেও আগামীতে হয়তো লিগের শুরু হতে নেয়া হতে পারে।