চাঁদপুরে দখল হয়ে যাচ্ছে খাস পুকুর

হাইকোর্টের ৬ মাসের স্থিতাবস্থা অমান্য করে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া মসজিদের সামনে সরকারি পুকুর ভরাট করে চলছে ক্ষমতাসীন দলের একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর পক্ষে মসজিদের মুসল্লী মোঃ আলফু গাজী ঘটনার বিবরণ উল্লেখ করে চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মহামায়া বাজার সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত ৮৫৬নং ও ৮৫৮নং দাগের ৪৪ শতাংশ ভূমি বিবাদীগণ মহামান্য সুপ্রীম কোর্টের স্থিতাবস্থার আদেশ অমান্য করে পুকুরটি ভরাট করে চলছে। সরেজমিন শুক্রবার গিয়ে দেখা যায়, মসজিদের পুকুরটি পশ্চিম দিক থেকে ট্রাক্টর দিয়ে বালু ভরাট করছে শ্রমিকরা। ট্রাক্টর চালকের সাথে আলাপ করে জানা গেছে বৃহস্পতিবার ভোর থেকে বালু ভরাট চলছে। এ ব্যাপারে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফিন বাদলের সাথে মোবাইলে কথা হলে, তিনি বলেন বিষয়টি আমার জানা নেই। তবে আমি এখন জানতে পেরেছি, আমার বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।