চরভদ্রাসনে সামাজিক বনায়ন কেটে উজাড়

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামের জামে মসজিদ সংলগ্ন বেড়ি বাঁধ সড়কের দু’পাশের সরকারি সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির বনজ বৃৃক্ষ কেটে উজার করে নিচ্ছে একই গ্রামের মৃত ঈমান খানের পুত্র আঃ মজিদ খান (৬৫)। এ ব্যাপারে ৩৯ গ্রামবাসীর লিখিত অভিযোগ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করেছে। উক্ত গ্রামের বেড়ি বাঁধ সড়কের দু’পাশে গড়া হয়েছে সরকারি সামাজিক বনায়ন। এসব বনায়নের মধ্যে বাবলা, জিকা ও ডুমুরসহ বিভিন্ন বনজ বৃক্ষ রয়েছে। গ্রামের প্রভাবশালী আঃ মজিদ খান গত ২৫ আগস্ট থেকে দু’চারটি করে গাছ বিক্রি শুরু করেন। এ পর্যন্ত সে মোট ৩৬টি সরকারি গাছ বিক্রি করেছে অভিযোগ আছে। এসব বিক্রীত গাছের মধ্যে ৫টি ভারী বাবলা গাছ ২৭টি জিকা গাছ ও ৪টি ডুমুর গাছ রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম জানান, ঘটনাস্থলে তহশীলদারকে পাঠানো হয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।