চৌদ্দগ্রামে স্কুলের বারান্দায় পাঠদান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
চৌদ্দগ্রামের তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হেলে পড়ায় ঝুঁকি নিয়ে বারান্দায় পাঠদান চলছে। এতে কোমলমতি শিশু, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা আতঙ্কের মধ্যে রয়েছে। জানা গেছে, ১৯৩৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রতিবছরই ভালো ফলাফল করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ৪০৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে। গত ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাহার হোসেনসহ প্রশাসনের লোকজন বিদ্যালয়টি পরিদর্শন করে দু’টি ভবনের পূর্বপাশের দু’টি কক্ষ পরিত্যক্ত ঘোষণা ও সিলগালা করে। এরপর নিয়মিত আরেকটি ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান চলচিল। গত কয়েকদিনের বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ ওই কক্ষটির ছাদ হেলে পড়ে এবং বৃষ্টির পানি শ্রেণীকক্ষে প্রবেশ করে। এ কারণে কোমলমতি শিশুরা শ্রেণীকক্ষে প্রবেশ করতে চায় না। ফলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রেণীকক্ষের ছাদ হেলে রয়েছে এবং প্লাস্টার খসে পড়ছে। ফলে শিক্ষকরা বারান্দায় পাঠদান করছেন।