পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে সংবাদ সম্মেলন
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসায় পরীক্ষার কেন্দ্র বহাল রাখার দাবিতে গতকাল শনিবার সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ মাদ্রাসায় জেডিসি, দাখিল, আলিম, ফাজিল পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। গত ২৬ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে আসন্ন জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ‘কেন্দ্র সচিব, সুলতানপুর সিনিয়র মাদ্রাসা’ শিরোনামে একটি পত্র ইস্যু করা হয়। উক্ত পত্রের প্রেক্ষিতে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার এবং অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সাথে কোন প্রকার পরামর্শ ব্যতিরেকেই অত্র মাদ্রাসায় স্থাপিত কেন্দ্রটিকে মিরপুর নাজমুল উলুম ফাজিল মাদ্রাসায় স্থানান্তরিত করার চেষ্টা করছে।