চাঁদাবাজির অভিযোগে দারোগা প্রত্যাহার

ভোলার মনপুরা উপজেলায় গত শুক্রবার বিকালে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে কোর্ট দারোগা আওয়ালকে প্রত্যাহার করা হয়েছে। ‘পরিবার উন্নয়ন’ সংস্থার অফিসে প্রবেশ করে দারোগা আওয়াল ৫০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সংস্থার মাঠ কর্মী ফাতেমা ও গৌবিন্দ এবং ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাসকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং মনপুরা থানায় নিয়ে আসে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিবার উন্নয়ন সংস্থার মাঠ কর্মী ফাতেমা বাদী হয়ে এ ঘটনার সাথে জড়িত কোর্ট দারোগা আওয়ালের বিরুদ্ধে চাঁদাবাজি ও রুবেল এবং আকাশের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে থানায় মামলা করেছে। পুলিশ সুপার মুহা. মনিরুজ্জামান মনির জানান, অভিযুক্ত কোর্ট দারোগা আওয়ালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।