তিন স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
মুন্সীগঞ্জ, গফরগাঁও, স্বরূপকাঠি থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ
সদর উপজেলার রামেরগাঁও গ্রামে গত শুক্রবার সকালে সুমি আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সে স্থানীয় রামেরগাঁও গ্রামের জুলহাস শনির কন্যা।
গফরগাঁও (ময়মনসিংহ)
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামে গত শুক্রবার বিকালে শীতলক্ষ্যা নদী থেকে খোকন মিয়া (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। নিহত খোকন মিয়া নির্মাণাধীন বিবিয়ানা-ধনুয়া গ্যাস লাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানের লরি গাড়ির হেলপার হিসেবে কাজ করত। সে নোয়াখালী জেলার কবিরহাট থানার মধ্যসুন্দলপুর গ্রামের নূরনবীর ছেলে। নিহত খোকনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্বরূপকাঠি (পিরোজপুর)
স্বরূপকাঠির সোহাগদল গ্রামে গতকাল শনিবার নাসরিন জাহান (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মো. ফারুক হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী নাসরিন জাহান শুক্রবার রাতে পাশের ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।