রোনালদোর হ্যাটট্রিকে রক্ষা পেল পর্তুগাল

অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র ১৬ মিনিটে হ্যাট্রিক করলে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জিতেছে পর্তুগাল। এ জয়ে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি খেলার রাস্তা উন্মুক্ত থাকলো পর্তুগীজদের। এছাড়া বিশ্বকাপের বাছাই পর্বে ইউরোপের অঞ্চলের সর্বশেষ রাউন্ডের খেলায় জয় পেয়েছে বড় দলগুলো। রাশিয়া গত শুক্রবার রাতে এ ম্যাচটির আগে লুক্সেমবার্গকে ৪-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপে এক পয়েন্টের ব্যবধান গড়ে নিয়েছিল। এরপর রোনালদোর দল বিপক্ষের মাঠ বেলফাস্টে বৃষ্টির মধ্যে বিশ্ব র্যাংকিংয়ে ১০৯ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সাথে এক পর্যায়ে ১-২ গোলে পিছিয়ে পড়ে। যদিও ২১ মিনিটে ব্রুনো আলভেসের গোলে এগিয়ে গিয়েছিল বিশ্ব র্যাংকিংয়ে সাত নম্বরে থাকা পর্তুগাল। এরপর গ্যারেথ ম্যাকআউল ৩৬ মিনিটে স্বাগতিকদের হয়ে সমতা ফেরান এবং বিরতির আগে পর্তুগাল স্ট্রাইকার হেলডার পোস্টিগা বহিষ্কৃত হন। পরে আরেক আইরিশ জ্যামি ওয়ার্ড বিরতির পর খেলা শুরু হলে দলের ব্যবধান করেন ২-১। কিন্তু ৬১ মিনিটে ক্রিস ব্রুন্ট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সুযোগ নেন রোনালদো। ৬৮, ৭৭ ও ৮৩ মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারটি কর্নার কিকে মাথা ছুঁইয়ে প্রথম গোলটি করেন। এরপর ফেবিও কোয়েনত্রাওয়ের পাসে দ্বিতীয় এবং পরের গোলটি করেন ফ্রী কিকে। পর্তুগাল এ জয়ে এক ম্যাচ বেশি খেলে রাশিয়ার চাইতে দুই পয়েন্টে এগিয়ে গেল। আইরিশরা প্রথম লেগের খেলায় পর্তুগালে গিয়ে ১-১ গোলে ড্র করেছিল। সেদিন জাতীয় দলের হয়ে নিজের শততম ম্যাচে সুবিধা করতে পারেননি রোনালদো। তবে ২৮ বছর বয়সী স্ট্রাইকারটি এদিন জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করে কিংবদন্তি খেলোয়াড় ইউসেবিওকে ছাড়িয়ে যান। তিনি এখন ৪৩ গোল করে পর্তুগালের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। আগামী মঙ্গলবার নিজেদের মাঠে ইসরাইলকে হারাতে পারলে রাশিয়া অবশ্য শীর্ষ অবস্থান পুনরুদ্ধার করতে পারবে। ওই ম্যাচের পর গ্রুপের সব দলের সামনে আর দুটি করে খেলা থাকবে। বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এই রাতে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে অবস্থান সংহত করে। ডিফেন্ডার জোর্ডি আলবা এবং স্ট্রাইকার আলভ্যারো নেগ্রেডোর গোলে কোচ ভিনসেন্ত দেল বস্কের দল তিন পয়েন্ট তুলে নেয়। অপরদিকে জর্জিয়ার মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে ফ্রান্স। অবশ্য মঙ্গলবারের ম্যাচে বেলারুশকে হারাতে পারলে স্পেনের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলতে পারবে ফ্রান্স। স্পেনের পরের ম্যাচটি অবশ্য অক্টোবরে। এদিকে মিরোস্লাভ ক্লোসার গোলে পড়শি অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে জার্মানী পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে। মিউনিখে নিজেদের মাঠে একটি গোল করে ৩৫ বছরের ক্লোসা এখন ৬৮টি গোলের সুবাদে জাতীয় দলের শীর্ষ গোলদাতা জার্ড মুলারের সমকক্ষ হলেন। মুলার এই ৬৮টি গোল করেন মাত্র ৬২ ম্যাচে। অপরদিকে বর্তমানে ইতালির ল্যাজিওর খেলোয়াড় ক্লোসা খেলেছেন ১২৯টি ম্যাচ। বায়ার্নের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে অপর দুই গোল করেন টনি ক্রুস ও থমাস মুলার। গোল ব্যবধানে অস্ট্রিয়া এ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও ডাবলিনে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে সুইডেন এ আসনটি ছিনিয়ে নিয়েছে। ইংল্যান্ডের সরাসরি ব্রাজিলে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্য আরো জোরদার হয়েছে মোলদোভাকে ৪-০ গোলে হারানোয়। এই বিশাল জয়ে রয় হজসনের দল মন্টেনিগ্রোকে পিছনে ফেলে এখন ‘এইচ’ গ্রুপের শীর্ষে। এদিকে ইউক্রেন ৯-০ ব্যবধানে সান ম্যারিনোকে পরাজিত করে। ওই ম্যাচে ইউক্রেনের আটজন মিলে এই নয়টি গোল করেন। বেলজিয়াম স্কটল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে এখন ‘এ’ গ্রুপের শীর্ষে। গ্রুপের দ্বিতীয় দল ক্রোয়েশিয়া ১-১ গোলে ড্র করেছে সার্বিয়ার সাথে। বুলগেরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতালি আছে ‘বি’ গ্রুপের শীর্ষে। এই জয়ের ফলে ইতালি বুলগেরিয়ার চাইতে সাত পয়েন্টে এগিয়ে গেল। নেদারল্যান্ড ‘ডি’ গ্রুপে এস্তোনিয়ার সাথে ২-২ গোলে ড্র করেও শীর্ষে আছে। খেলার এক পর্যায়ে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ডাচরা। ৯০ মিনিটে রবিন ভ্যান পার্সির গোলে সমতা ফেরায় নেদারল্যান্ড। আর রোমানিয়া হাঙ্গেরীকে ৩-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। সুইজারল্যান্ড ‘ই’ গ্রুপে আইসল্যান্ডের সাথে ৪-৪ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে। এদিকে গ্রীস ‘জি’ গ্রুপে বসনিয়া ও হারজেগোভিনার সাথে ১৬ পয়েন্ট করে পেয়ে শীর্ষে আছে। বিশ্বকাপ বাছাইপর্ব ইউরোপ পর্তুগাল ৪-২ উত্তর আয়ারল্যান্ড রাশিয়া ৪-১ লুক্সেমবার্গ স্পেন ২-০ ফিনল্যান্ড সুইডেন ২-১ আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ইংল্যান্ড ৪-০ মালদোভা বেলজিয়াম ২-০ স্কটল্যান্ড ইতালি ১-০ বুলগেরিয়া ইস্তোনিয়া ২-২ নেদারল্যান্ড রোমানিয়া ৩-০ হাঙ্গেরী আইসল্যান্ড ৪-৪ সুইজারল্যান্ড ঘানা ২-১ জাম্বিয়া