ট্রেবল জয়ী হেইঙ্কেসকে সম্মাননা দিল জার্মান এফএ

প্রথম কোন জার্মান দল হিসেবে ট্রেবল জয়ের বিরল কৃতিত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ বায়ার্ন মিউনিখের কোচ জাপ হেইঙ্কেসকে সম্মাননা সূচক ফেয়ারপে¬ পদক দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। গত মৌসুমে ব্যাভারিয়ানদের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লীগের শিরোপার পাশাপাশি হেইঙ্কেস বুন্দেসলিগা এবং জার্মান কাপ জয় করেন। এই উপলক্ষে মিউনিখে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএফবি সভাপতি উলফগ্যাং নিয়েরসব্যাচ বলেছেন, ‘সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে কাজ করলে যে কেউ অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। জাপ হেইঙ্কেস সেই উদাহরণ সৃষ্টি করেছেন।’ বায়ার্ন মিউনিখকে গত মৌসুমে বুন্দেসলিগা, জার্মান কাপ এবং চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয়ে সহযোগিতা করার পরে হেইঙ্কেস ৬৮ বছর বয়সে গত মে মাসে দল ছাড়ার সিদ্ধান্ত নেন। তার উত্তরসূরি হিসেবে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা জুন মাসে ক্লাবের দায়িত্ব গ্রহণ করেন। বাসস।