শ্রীনগরে নববধূ খুন, গ্রেফতার ৩
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
শ্রীনগর উপজেলার বালাশুরে বিয়ের সাত মাসের মাথায় গত শুক্রবার এক নববধূ হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় শ্বশুর, শাশুড়ী ও খালাতো ননদকে গ্রেফতার করেছে। তবে নিহতের স্বামী রনি বেপারী (২৬) পলাতক রয়েছে। পুলিশ নববধূ মুক্তা বেগমের (১৮) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শ্রীনগর থানার ওসি জানান, গতকাল শনিবার মুক্তার মা মমতাজ বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, এজাহারে উল্লেখ করা হয়েছে, রাতে পারিবারিক কলহের কোন এক পর্যায়ে মুক্তাকে হত্যা করে তার লাশ ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পরপরই মুক্তার স্বামী রনি পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, স্বামী রনি বেপারীর পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।