গত বিশ্বকাপে ভারতের স্পিন আক্রমণের নেতৃত্বে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই চার বছরে অনেক কিছু বদলে গেছে। ইংল্যান্ডে ভারত যাচ্ছে একেবারেই তরুণদের নিয়ে গড়া এক স্পিন আক্রমণ নিয়ে। যদিও দলে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আছেন। কিন্তু স্পিন আক্রমণটা মূলত সামলাতে হবে যুজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে। চাহাল বলছেন, তিনি তার অভিজ্ঞতা ও সামর্থের সেরাটাই বিশ্বকাপে উজাড় করে দিতে চান।
কুলদীপের সাথে জুটি বেঁধে বোলিং করা সম্পর্কে চাহাল বলছিলেন, ‘আমার ও কুলদীপের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো বিশ্বাস। আমরা পরষ্পরকে বিশ্বাস করি। ব্যাটসম্যানরা তাদের জুটির ক্ষেত্রে যেটা করে, আমরাও বোলিংয়ের ক্ষেত্রে তাই করি। আমাদের সমন্বয়টা খুব ভালো। আর বড় ব্যাপার হলো, আমরা পরষ্পরকে বুঝতে পারি।’ চাহাল বলছিলেন কোহলি ও ধোনি তাদেরকে বোলিংয়ের ক্ষেত্রে অনেক উপদেশ দিয়ে থাকেন। আর সেটা কাজে লাগিয়েই বিশ্বকাপে ভালো করতে চান তারা, ‘আমরা নিজেদের মধ্যে পরিকল্পনা নিয়ে আলাপ করি। সেই সাথে সিনিয়রদের সহায়তা নিয়ে সেটা মাঠে কাজে লাগাই। বিশেষ করে কোহলি ভাই ও মাহি ভাই আমাদের খুব সহায়তা করেন। আমরা বিশ্বকাপেও সেটা করবো।’
চাহাল এখন পর্যন্ত ৪১টি ওয়ানডে খেলে ৭২টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ২০১৮ সালে ইংল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকে ওখানকার কন্ডিশন নিয়ে চাহাল বলছিলেন, ‘আমি ইংল্যান্ডে খেলেছি। ওখানকার কন্ডিশন নিয়ে আমার কিছু ধারণা আছে। আমি ২০১৮ সালে যখন ওখানে খেলি, স্পিনারদের জন্য কিছু সহায়তা ছিলো। আমি নিশ্চিত এবারও স্পিনাররা সহায়তা পাবে।’