মুখিয়ে আছেন ভুবনেশ্বর

ঐতিহ্যগতভাবেই ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। তবে বিশ্বকাপে তাদের পেস আক্রমণ নিয়েও প্রতিপক্ষ দলগুলোকে সতর্ক থাকতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুইং বোলার ভুবনেশ্বর কুমার। যে কোনো মাঠেই ভারতীয় পেসাররা ভালো করতে সক্ষম বলেও উল্লেখ করেন ভুবি।

দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিতে তিন জনের গড়া পেস আক্রমণ বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য ২৯ বছর বয়সী ভুবনেশ্বর। দলের অপর দুই পেসার অভিজ্ঞ মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহ। গতি কিছুটা কম থাকলেও দুই দিকেই বল ঘুরাতে সক্ষম এবং অন্য সুইং বোলারদের মতো কুমারও ইংলিশ কন্ডিশনের সর্বোচ্চ সুবিধা কাজে লাগাতে মুখিয়ে আছেন, ‘আমি মানছি গত কয়েক বছরে ইংল্যান্ডের কন্ডিশন কিছুটা ফ্ল্যাট হয়েছে। যেহেতু শুরুতে এবং ডেথ ওভারে আমাদের ভালো করার সক্ষমতা আছে তাই প্রতিপক্ষ দলগুলোকে ভারতীয় বোলিং ইউনিট সম্পর্কে সচেতন থাকতে হবে। নির্দিষ্ট দিনে আমরা কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করব সব কিছুই তার ওপর নির্ভর করবে।’

 —বাসস