যুক্তরাষ্ট্রের কারাগারে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের কারাগারে মহররম আলী (২১) নামে বাংলাদেশি এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি বাংলাদেশে নাটোরের লালপুর উপজেলার সালামপুর এলাকার বড়বাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মহররম ছিনতাইয়ের দায়ে তিন বছর সাজা খাটছিলেন। পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ার একটি কারাগারে গত ৪ সেপ্টেম্বর তিনি আত্মহত্যা করেন। ফিলাডেলফিয়ার মেডিক্যাল পরীক্ষক ডা. স্যাম পি গুলিনো স্বাক্ষরিত মৃত্যুসনদে বলা হয়েছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহররম। যুক্তরাষ্ট্রে বসবাসরত উত্তরবঙ্গবাসীর সংগঠন ‘নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান জানান, ফিলাডেলফিয়ার একটি রেস্তোরাঁর ব্যবস্থাপকের কাছ থেকে অর্থ ছিনতাইয়ের দায়ে গত বছরের শুরুতে মহররমের তিন বছর কারাদণ্ড হয়। তবে মহররমের এই মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছেন প্রবাসী বাঙালিরা। এজন্য উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন তারা। ফিলাডেলফিয়ায় বসবাসরত নাটোরের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, গরীব কৃষক পরিবারের সন্তান মহররম ডিভি লটারিতে জয়ী হয়ে ২০১১ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি প্রথমে আমার বাসায় উঠেছিলেন। আমি তাকে চাকরি যোগাড় করেও দিয়েছিলাম। যে ডানকিন ডোনাটে (রেস্তোরাঁ) তিনি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, সেখানে সেলসম্যানের চাকরি করতেন তিনি। জয়নাল আবেদীনের বাসার ঠিকানা ছিল মহররম আলীর পকেটে। তা দেখেই পুলিশ টেলিফোনে তাকে মহররমের আত্মহত্যার খবর জানায়। এই মৃত্যুর খবর দেশে মহররমের পরিবারের কাছে পৌঁছানো হয়েছে বলে জয়নাল জানান। হাসানুজ্জামান জানান, মহররমের লাশ ফিলাডেলফিয়া মর্গে রয়েছে। তা বাংলাদেশে পাঠাতে হলে কমপক্ষে ১০ হাজার ডলার প্রয়োজন। এজন্য বাংলাদেশ দূতাবাস এবং বিত্তবান প্রবাসীদের সহায়তা কামনা করেছেন তিনি।