যুক্তরাষ্ট্র বিএনপিতে আপোস না হলে তৃতীয় পক্ষকে নিয়ে কমিটি!
শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
আব্দুল লতিফ সম্রাট, ডা. মুজিবুর রহমান, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু। চারজনই যুক্তরাষ্ট্র বিএনপির ডাকসাইটে নেতা। আট বছর ধরে চলে আসা যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বের কোন্দল মেটাতে উদ্যোগ নিয়েছেন বিএনপির ভবিষ্যত্ কাণ্ডারী তারেক রহমান। দূর প্রবাসে থেকেও ওই চার নেতাকে তিনি লন্ডনে তলব করেছেন। ভিসা জটিলতায় ডা. মুজিবুর রহমান যেতে না পারলেও বাকি তিনজনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে অন্য সব সমস্যার সমাধান হলেও কে হবেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি তা নিয়ে গিয়াস আহমেদ ও জিল্লুর রহমানের মধ্যে চলছে ঠাণ্ডা লড়াই। কেউ কাউকে ছাড় না দেয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে নতুন কমিটি গঠন নিয়ে।
এদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, লন্ডনে গিয়াস আহমেদ ও জিল্লুর রহমানের মধ্যে সমঝোতা না হলে তৃতীয় কোনো পক্ষকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে সোমবার যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ঘোষণা করা হতে পারে। শুক্রবার গভীর রাতে লন্ডন থেকে পাওয়া একাধিক সূত্র এ আভাস দিয়ে বলেছে, গিয়াস ও জিল্লুর ঐকমত্যে পৌঁছতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান। এক্ষেত্রে তিনি যুক্তরাজ্য বিএনপির আদলে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দিতে পারেন। এটা এখন সময়ের ব্যাপার।
জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বেও কোন্দল ছিল। সভাপতি পদ পাওয়ার জন্য মুহিদুর রহমান ও এম এ মালেক অনড় অবস্থান নেয়ায় তারেক রহমান শেষমেষ শায়েস্তা চৌধুরীকে সভাপতি করে কমিটি গঠন করেন। একটি সূত্র জানায়, গিয়াস ও জিল্লুর ঐকমত্য না হলে বিকল্প চারজনের নাম আছে তারেক রহমানের হাতে। তারা হলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ডা. হামিদুজ্জামান, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, ডা. শাহ আলম এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত জাতীয়তাবাদী ঘরানার একটি সাপ্তাহিকের সম্পাদক।