রাসায়নিক হামলার পর চোখ বন্ধ করে থাকা যায় না :ওবামা

সিরিয়ায় সামরিক হামলার ব্যাপারে জি-২০ নেতারা একমত না হলেও এখনো অনড় অবস্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সিরিয়ায় হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন বাশার আল আসাদ তার দেশের নিরীহ মানুষের উপর রাসায়নিক হামলা চালিয়ে মানুষ হত্যা করবেন আর যুক্তরাষ্ট্র চোখ বন্ধ করে থাকবে তা হতে পারে না। রাশিয়ায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলন থেকে দেশে ফিরে এক রেডিও সাক্ষাত্কারে ওবামা একথা বলেছেন। খবর বিবিসির। রেডিওতে সাক্ষাত্কারে ওবামা বলেন, আমি জানি যে দশকব্যাপী যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের জনগণ ক্লান্ত। কিন্তু আমি তাদের কথা দিচ্ছি যে সিরিয়ায় সামরিক হামলা ইরাক কিংবা আফগানিস্তানের মতো ব্যাপকভিত্তিক হবে না। আমরা যুক্তরাষ্ট্রের মানুষ। সিরিয়ায় যে নৃসংসতার খবর আমরা পেয়েছি তাতে আমরা চুপ থাকতে পারি না। এ ধরনের অপরাধের জবাব না দেয়ার অর্থ হচ্ছে, এই কাজকে মৌনভাবে সমর্থন দেয়া। এতে এই ধরনের হামলার সম্ভাবনা আরো বেড়ে যাবে। রাসায়নিক অস্ত্রগুলো সন্ত্রাসী-জঙ্গিদের হাতে পড়তে পারে এবং শেষ পর্যন্ত সেগুলো আমাদের (যুক্তরাষ্ট্রের) বিরুদ্ধে ব্যবহারও হতে পারে। সিরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে অন্য দেশগুলোর কাছে এমন বার্তা পৌছে যাবে যে, এ ধরনের অস্ত্র ব্যবহার করলেও বিশ্ব চুপ করে থাকবে। তখন তাদের কিছু বলতে গেলে সিরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার উদাহরণ টানবে। সেটা কি মানুষের জন্য মঙ্গলজনক হবে? সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তবে সাক্ষাত্কারে ওবামা নিশ্চিত করেন যে হামলা হবে ‘সীমিত আকারের’।