ফেলানী হত্যা মামলায় বিচারের নামে তামাশা করা হয়েছে :ড. মিজান
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৬
ফেলানী হত্যা মামলায় বিচারের নামে তামাশা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, ফেলানী হত্যা মামলার যে রায়টি হয়েছে, এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। কেননা, রায়টি সম্পূর্ণরূপে ন্যায়বিচারের পরিপন্থী। গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিচোরে শুধু ফেলানীর আত্মার সঙ্গে নয়, তার পরিবারের সঙ্গে নয়, আমাদের বাংলাদেশের পুরো জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
ড. মিজানুর রহমান বলেন, ফেলানীর বিচারটি হয়েছিল ভারতীয় অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে যদি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাহলে ভারতীয় রাষ্ট্রকেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। সেখানে আমাদের বাইরে থেকে কিছু করার নেই। তবে এর পরও আমরা মনে করি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি পর্যায়ে এ বিষয়টি উত্থাপন করতে পারে। ভারতের কাছে গুরুত্ব সহকারে উল্লেখ করতে হবে আমরা কতোটা মর্মাহত হয়েছি। এটি যে ন্যায়বিচার হয়নি সেটি তুলে ধরতে হবে।
তিনি বলেন, ‘আপিল সংক্রান্ত কর্মকাণ্ডে ভারতের মানবাধিকার কমিশন যেন নিজেদের সম্পৃক্ত করে, সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা তাদের সাহায্য ও সহযোগিতা কামনা করব।’