সুবিচার পাওয়া যায়নি :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘ফেলানীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা তা দুঃখজনক। এ ঘটনা আমাদের জন্য, দুই দেশের জন্য লজ্জাজনক। এই ঘটনায় আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে যথাবিহিত প্রতিকার দাবি করেছিলাম। ভারতীয় সীমান্তরক্ষীদের আদালত প্রাথমিক পর্যায়ে যে সিদ্ধান্ত দিয়েছে তাতে ফেলানী হত্যা সম্পর্কিত যে সুবিচার আমরা আশা করেছিলাম, সে সুবিচার এখনো পাওয়া যায়নি। আমরা এর বিস্তারিত বিবরণ এখনো পাইনি। পেলে আনুষ্ঠানিকভাবে এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া জানাবো। স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে নাগেশ্বরী পৌরহলে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরকে ইমিগ্রেশন চেকপোষ্টসহ পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে। কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: জাফর আলী এমপি, মোস্তাফিজার রহমান এমপি, পুলিশের ডিআইজি (হেডকোয়ার্টার) আবুল কাশেম পিপিএম প্রমুখ।