বিবিসি সংলাপ

ইসি চাইলে সংসদ ভেঙ্গে দেয়া হবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত নয়

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়া হতে পারে, আর কবে নাগাদ সংসদ ভেঙ্গে দেয়া হবে এ বিষয়েও কমিশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সংলাপের এ পর্বে প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ। দর্শকের প্রথম প্রশ্ন ছিলো সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করা হলে সবার জন্যে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে কি? উত্তরে এইচটি ইমাম বলেন, নির্বাচন কমিশনের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এটা প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনের সময় সংসদ বহাল থাকবে কিনা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যদি এমনই হয়, তবে আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। বোরহানউদ্দিন খান বলেন, সংসদ বহাল রেখে নির্বাচনের অভিজ্ঞতা কিন্তু এটাই প্রথম নয়। সংসদ ডিসলভ না করে নির্বাচনের ইতিহাস আরো আছে। এর আগে বিএনপি বা আওয়ামী লীগের সময় এমন নির্বাচনের নজির আছে। শারমিন মুরশিদ বলেন, সরকার বহাল রেখে নির্বাচন হলে সেটা গণতান্ত্রিক পদ্ধতিরই উদাহরণ হবে। তবে আমরা আসলে কতটুকু সে অবস্থানে পৌঁছাতে পেরেছি সেটাই প্রশ্ন। এটা একটা চ্যালেঞ্জ বা সংকট তৈরি করবে।