আইপিএলকে কৃতিত্ব দিলেন বেয়ারস্টো

ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডকে জয় এনে দেওয়া ওপেনার জনি বেয়ারস্টো বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারদের সঙ্গে খেলে তার খেলার উন্নতি ঘটেছে। বেয়ারস্টোর ৯৩ বলে ১২৮ রানের বিধ্বংসি ইনিংস ইংল্যান্ডকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় এনে দেয়।

নিজের পারফরম্যান্স নিয়ে বেয়ারস্টো বলেন, ‘ভিন্ন কোচ, ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে আপনি ভিন্ন ভিন্ন কৌশল রপ্ত করতে পারবেন। খেলার পরিকল্পনার মতো এগুলো আসলে খুবই ছোটখাট কৌশল। আমি যে ধাঁচে ব্যাটিং করি তার সঙ্গে ওয়ার্নারের ধরন সম্পূর্ণ আলাদা। তবে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ খুবই ভাল দিক। বিশেষ করে চাপের মধ্যে প্রত্যাশা নিয়ে খেলার ক্ষেত্রে এটি বেশ ভাল কাজ দেয়।’ পাকিস্তানের বিপক্ষে নিজের ঝড়ো ব্যাটিং নিয়ে বেয়ারস্টো বলছিলেন, ‘বড় লক্ষ্যে এগিয়ে যেতে হবে বিধায় আমি ঝড়ো ব্যাটিং শুরু করি। দলকে সাফল্যে পৌঁছে দেওয়ার জন্য আপনি ১৬০ থেকে ১৭০ বা সুবিধা পেলে ২০০ রান পর্যন্ত করতে চাইবেন। এটি সম্ভব হয়েছে কেবল আমাদের দলবদ্ধ হয়ে খেলার কারণে।’