স্বর্ণের দোকানে ডাকাতি
আজ সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা ধর্মঘট
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১২
সিলেট নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার ৪ দিনেও সুনির্দিষ্ট কোন ক্লু উদঘাটন করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ বলেছে শিগ্রই আসামি ধরতে পারবে। এদিকে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার না হওয়ায় আজ রবিবার সকল ব্যবসা প্রতিষ্ঠানে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করবেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। তারা গত বৃহস্পতিবার সভা করে এই আল্টিমেটাম দিয়েছিলেন। আজকের ধর্মঘটের পর পরবর্তী সিদ্ধান্ত নিবেন ব্যবসায়ীরা।
শুক্রবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির বৈঠক হয়েছে। পুলিশের কর্মকর্তারা এ বৈঠককে সফল বৈঠক হয়েছে বলে উল্লেখ করেছেন। এদিকে শুক্রবার গভীর রাতে আলবারাকা জুয়েলার্সের মালিক ঐ ডাকাতির ঘটনায় ৪২০ ভরি স্বর্ণ খোয়া গেছে মর্মে থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে ৫ জনকে। এদের মধ্যে চারজনই দুই প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত।
নগরীর জিন্দাবাজারের নেহার মার্কেটের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাস্থল গতকাল রাত ৮টার দিকে পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।