ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৬
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র চলতি বছরের শরত্কালীন সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান গত ৭ সেপ্টেম্বর ২০১৩ অনুষ্ঠিত হয়। ঢাকার বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বরণ করে নেয়া হয় নতুন ছাত্র-ছাত্রীদের।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান । তিনি উচ্চশিক্ষার জন্য আইইউবি-কে বেছে নেয়ায় নবাগত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানবিক হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরিচিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য অনুষদের ডীন ড. সারোয়ার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডীন ড. আলী শিহাব সাব্বির, এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডীন অধ্যাপক এম আলী হোসেন, লিবারেল আর্টস এন্ড স্যোশাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক জাকির হোসেন রাজু এবং লাইফ সায়েন্সেস অনুষদের ডীন ড. রীতা ইউসুফ। রেজিস্ট্রার ড. তানভীর এ খান নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় সর্ম্পকে প্রাথমিক ধারণা দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক লিমা চৌধুরী।
নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবক ছাড়াও আইইউবি-র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।