এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি ঢাকায় হতে পারে। এশিয়ার বড় হকির এই আসর ঢাকায় আয়োজনের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা দৌড়-ঝাঁপ শুরু করেছেন। এরই মধ্যে মালয়েশিয়ায় গিয়ে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী পাকিস্তানি তৈয়ব ইকরামের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ। সেখান থেকে ঢাকায় তৈয়ব ইকরামের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তৈয়ব ইকরাম ৯০ ভাগ আশা দিয়েছেন। আগামী এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি ঢাকায় হতে পারে। তবে এই আসর আয়োজনে ভারত এবং ওমান এগিয়ে রয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির আলোচনায় জুনিয়র এশিয়া কাপ হকি বাংলাদেশে হবে বলে এটার নিশ্চয়তায় দিয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী এবং বাংলাদেশের হকির ভালো বন্ধু হিসাবে পরিচিত তৈয়ব ইকরাম।
থাইল্যান্ডে দুই সপ্তাহের ক্যাম্প
বাংলাদেশ হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটি আন্তর্জাতিক হকি অঙ্গনে দৌড়ঝাঁপ শুরু করেছে। সাধারণ সম্পাদক গেছেন মালয়েশিয়া এবং সহ-সভাপতি আব্দুর রশিদ সিকদার গেছেন থাইল্যান্ড। সেখানে ১৫-২২ জুলাই এশিয়ান ইনডোর হকির সপ্তম আসর বসবে। বাংলাদেশ এবারই প্রথম সেই টুর্নামেন্টে খেলবে। কিন্তু অনুশীলনের ঝামেলা কাটাতে বাংলাদেশের প্লেয়ারদের দুই সপ্তাহ থাইল্যান্ডে রেখে প্রস্তত করানো হবে। থাই হকির সভাপতি চাইপাক সিরিওয়াতের সঙ্গে আব্দুর রশিদের কথা হয়েছে। ১৫ দিনের জন্য একটি রিসোর্টের ব্যবস্থা করা হবে এবং অনুশীলনে সহযোগিতা করবেন থাইল্যান্ড হকি অ্যাসোসিয়েশন।