বাড়িওয়ালাদের টিআইএন না থাকলে আইনি ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান

রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের আবাসিক এলাকার ফ্ল্যাট, বাড়ির মালিক ও বড় ব্যবসায়ীদের কর শনাক্তকরণ নম্বর না থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি জানান, এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে জরিপ চালানো হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী বাড়ি ও ব্যবসা মিলিয়ে এ পর্যন্ত ওইসব এলাকায় ১ লাখ ৩৮ হাজার ইউনিট (ফ্ল্যাট ও ব্যবসায়) শনাক্ত করা হয়েছে; যাদের টিআইএন নেই। এর মধ্যে বাড়ি (ফ্ল্যাটসহ) ৭৩ হাজার। ইতিমধ্যে টিআইএন সংগ্রহ করার জন্য ওইসব বাড়ি ও ব্যবসায়ের মালিকদের চিঠি দেয়া হয়েছে। আগামী ১৫ তারিখে দেশব্যাপী জাতীয় আয়কর দিবস পালিত হবে। আর পরদিন ১৬ সেপ্টেম্বর থেকে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলার। এবার বিভাগীয় শহর বাদেও ৬৪টি জেলায় আয়কর মেলা হবে। রাজধানীতে আয়কর মেলা হবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে গতকালের এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, গত মে মাস থেকে টিআইএন নিবন্ধনের নতুন অনলাইনভিত্তিক পদ্ধতি ই-টিআইএন ব্যবস্থা চালু করা হয়েছে। ইতিমধ্যে ২ লাখ ১৫ হাজার ব্যক্তি টিআইএন নিবন্ধন করেছেন। এর মধ্যে নতুন করে নিবন্ধিত হয়েছেন ৫৩ হাজার। আগামী ডিসেম্বর নাগাদ এই সংখ্যা ১৭ লাখে উন্নীত করতে চায় এনবিআর। এ লক্ষ্যে আয়কর মেলায় করদাতা ও দর্শনার্থীদের সচেতন করা হবে। এ ব্যবস্থায় ঘরে বসেই টিআইএন নিবন্ধন করা সম্ভব। এ জন্য কোন বাড়তি অর্থ খরচ হচ্ছে না বলে জানিয়েছেন এনবিআর সদস্য (কর প্রশাসন) বশির উদ্দিন আহমেদ। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য হোসাইন আহমেদ, সৈয়দ আমিনুল করীম, মাহবুবুর রহমান ও কালিপদ হালদার প্রমুখ।