সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৯
সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত চারটি পাটকল ও একটি যন্ত্রাংশ তৈরির কারখানায় শতশত শ্রমিক বকেয়া মজুরি পরিশোধের দাবিতে গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশও করে। ফলে কারখানার কাজকর্ম ব্যাহত হয়। এদিকে মহাসড়ক অবরোধের ফলে সীতাকুণ্ডের অন্তত ২০ কি.মি এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
সীতাকুণ্ডের বিভিন্ন পাটকল কারখানা ঘুরে জানা যায়, সিবিএ সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি পুর্বঘোষিত অবরোধ কর্মসূচি পালনে গতকাল সকাল ১০টায় সীতাকুণ্ডের হাফিজ জুটমিল, এমএম জুটমিল, গালফ্রা হাবিব জুটমিল, গুল আহম্মদ জুটমিল, আরআর জুটমিলের শতশত শ্রমিক একযোগে নিজ নিজ কারখানার সামনের মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়ক অবরোধের ফলে সীতাকুণ্ডের কুমিরা থেকে ফৌজদারহাট এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এদিকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশসহ ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও তাদের কোন প্রকার অ্যাকশনে যেতে দেখা যায়নি।
অবরোধের শেষ পর্যায়ে সমাবেশে সিবিএ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও হাফিজ জুট মিলস লি. সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, সরকার বকেয়া মজুরি কমিশন ২০১০ এর তৃতীয় কিস্তি পরিশোধে টালবাহানা শুরু করেছে। এ পর্যন্ত তিন বার পরিশোধে ব্যর্থ হয়েছে। তাই বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধের মত কর্মসূচি পালন করছে।