কলাপাড়ায় সংরক্ষিত বনের গাছ উজাড়
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৫
গঙ্গামতি চরের সংরক্ষিত বনের গাছ ফ্রি স্টাইলে কেটে উজাড় করছে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে কাউয়ারচর ও গঙ্গামতিচর এলাকায় ফারুক আকন ও খোকন হাওলাদারকে গাছ কাটতে দেখা গেছে। স্থানীয় বিট কর্মকর্তার যোগসাজশে কাউয়ারচর এলাকার হেমায়েত হোসেন পান্নুর নেতৃত্বে গঙ্গামতির বেড়িবাঁধ সংলগ্ন সংরক্ষিত বনের বিশালাকৃতির বিভিন্ন প্রজাতির গাছ উজার করা হচ্ছে। এখান থেকে ইতোমধ্যে অন্তত ১৫টি গাছ কেটে নেয়া হয়েছে। অর্ধলাখ টাকা মূল্যের এই গাছ কাটার সঙ্গে সেখানকার বিট কর্মকর্তা রেজাউল করিম প্রত্যক্ষভাবে জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানিয়েছে। গঙ্গামতি চরের গাছ কেটে কালোবাজারে বিক্রির সাথে এই চক্রটি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, গাছ কাটার অভিযোগটি উদ্দেশ্যমূলক। আমার কাছ থেকে স্থানীয়রা সুযোগ-সুবিধা বঞ্চিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে।