বন্যাদুর্গতরা গবাদি পশু নিয়ে বিপাকে
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৯৫ ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এতে বন্যা দুর্গতরা শিশু ও গবাদি পশু নিয়ে পড়েছে চরম বিপদে। বসতঘরে বন্যার পানি উঠায় বাড়ি-ঘর ছেড়েছে ২ হাজার পরিবারের ১০ হাজার মানুষ। ৩ হাজার পরিবারের ১৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব বন্যা দুর্গতরা উঁচু জায়গায় ও স্কুলে গিয়ে আশ্রয় নিচ্ছে। চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৯টি আশ্রয় কেন্দ্রের নিচে পানি উঠায় দুর্গতরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে জানা যায়, নিচু এলাকার বাড়ি-ঘরে কোমর থেকে বুক পর্যন্ত পানি উঠেছে। বাড়ি-ঘরের ভিতরে বাঁশের মাচান তৈরি করে এতদিন বসবাস করে আসলেও প্রতিদিন পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটার কারণে শিশুদের নিয়ে বাড়ি-ঘরে পানির মধ্যে অবস্থান করা ঝুঁকি হয়ে পড়েছে।
গরু, ছাগল, মুরগি রাখার জায়গা না থাকার কারণে লোকসান করে গবাদিপশু বিক্রি করে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হচ্ছে বন্যা দুর্গতরা। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকেটের কারণে বন্যা দুর্গত মানুষ অর্ধাহারে-অনাহারে থেকে মানবেতর জীবন -যাপন করছে। সরকারিভাবে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হলেও অনেকের কাছে ত্রাণ এখনো পৌঁছেনি। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ইউনিয়নের ২৫টি গ্রামে ২৪ হাজার মানুষ পানিবন্দি হলেও সরকারিভাবে দুর্গতদের মাঝে ১০ কেজি করে সাড়ে ৩শ’ পরিবারকে চাল দেয়া হয়েছে।