কিশোরগঞ্জে গৃহবধূ খুন
স্বামী-শাশুড়িসহ ৩ জন গ্রেফতার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৮
কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর কর্মকার গ্রামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গৃহবধূর স্বামী ঝুটন বিশ্বাস, শাশুড়ি কল্পনা বিশ্বাস ও জা সীতা বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শনিবার জেল হাজতে পাঠানো হয়। নিহত গৃহবধূর পিতা তপন কুমার আদিত্য বাদী হয়ে মেয়ের জামাতাসহ পাঁচজনকে আসামি করে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে। মামলার বিবরণে প্রকাশ, পূর্বধলা উপজেলার সাধুপাড়া গ্রামের তপন কুমার আদিত্যর কন্যা তমা আদিত্যর সঙ্গে প্রায় তিন বছর আগে কাতিয়ারচর কর্মকারপাড়া গ্রামের হরিদাস চন্দ্র বিশ্বাসের পুত্র ঝুটন বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তমার ওপর শারীরিক নির্যাতন চালানো হত। গত শুক্রবার ভোর রাতের দিকে আসামিরা তমার শরীরে আগুন ধরিয়ে দেয়।