চার স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৬
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৯
টাঙ্গাইলের বাসাইল, গাইবান্ধার সুন্দরগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বাসাইল (টাঙ্গাইল)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় গত রবিবার সকালে ট্রাক চাপায় আজিম উদ্দিন (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি বাসাইল উপজেলার বাঐখোলা গ্রামে। আজিম উদ্দিন সকালে সড়কে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
সুন্দরগঞ্জের সীচা চৌরাস্তা মোড়ে রবিবার সকালে মোটর সাইকেল দুর্ঘটনায় মাদ্রাসার সুপার আব্দুল লতিফ রাজা (৫০) নিহত ও মাদ্রাসার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর ছাত্তার গুরুতর আহত হয়েছেন। জানা যায়, মোটর সাইকেলের ওপর কুকুর লাফিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। মাদ্রাসার সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে গাইবান্ধার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলার পোরশায় শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী ভুটভুটি উল্টে মনিরুল ইসলাম (২৮) নামে এক যাত্রী মারা গেছেন। নিহত মনিরুল উপজেলার পশ্চিম হিরিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতরা হলেন ওমর ফারুক (৩২), আব্দুস সালাম (৩৫), জিয়াউর রহমান (২৫) ও এনাহারুল উদ্দিন (৩৮)। আহতদের পোরশা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি চেয়ারকোচের চাপায় মোটর সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত ও এক ছাত্র আহত হয়েছে। নিহতরা হলো লামা পৌরসভার নুনারঝিরি শামশুল হকের ছেলে ফরহাদুল ইসলাম (২৬) ও হরিণঝিরির মৃত আবুল খায়েরের ছেলে নূরুল কবির (২৪)। আহত তারান্নুমকে (১৭) গুরুতর অবস্থায় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা লামা মাতামুহুরী কলেজের শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে হানিফ পরিবহনের চেয়ারকোচ ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে।