জানতে চাই

আমাদের এ পর্বের প্রশ্নগুলোর জবাব দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ্, খতিব, জাজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ কেরাণীগঞ্জ ঢাকা।

লাকী আক্তার, বঙ্গবাসী স্কুল, খালিশপুর, খুলনা।

প্রশ্ন : রমজান মাসে গর্ভবতী ও যেসব মায়েদের দুধের সন্তান রয়েছে, তারা কিভাবে রোজা পালন করবে, বিস্তারিত জানতে চাই?

উত্তর : এক্ষেত্রে শরীয়তের বিধান হল— রোজা পালন দ্বারা যদি গর্ভবতী মায়ের কষ্ট হয় বা তার গর্ভস্থ সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন। তবে পরবর্তীতে তাকে ভঙ্গকৃত রোজাগুলোর কাযা আদায় করতে হবে। অনুরূপভাবে যে মা তার দুগ্ধপোষ্য শিশুকে দুধ পান করান, রোজা পালন দ্বারা যদি তার বুকের দুধ শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে বা সন্তান দুধ না পাওয়ার কারণে সন্তানের জীবন বিপন্ন হওয়ার ভয় থাকে তাহলে তিনিও রোজা ভঙ্গ করতে পারবেন। পরবর্তীতে তাকে ভঙ্গকৃত রোজাগুলোর কাযা আদায় করতে হবে। (ফাতওয়ায়ে শামী, আহসানুল ফাতওয়া) 

মাঞ্জুর আহমেদ, বোড বাজার, গাজিপুর।

প্রশ্ন : ডায়াবেটিসে আক্তান্ত ব্যক্তিরা রোজা রেখে ইনসুলিন নিতে পারবেন কি-না এবং ইনসুলিন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কি-না?

উত্তর :হ্যাঁ, রোজা পালনরত অবস্থায় ডায়াবেটিসে আক্তান্ত ব্যক্তি ইনসুলিন ব্যবহার করতে পারবেন; এতে তার রোজার কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদীর২/২৫৯, আলাতে জাদীদাহ কী শরয়ী আহকাম পৃঃ ১৫৩)