মাদকাসক্ত চিকিত্সা সেবার মানোন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২০
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের চিকিত্সা সেবার মানোন্নয়নে দি কলম্বো প্লান এশিয়ান সেন্টার ফর সার্টিফিকেশন এন্ড এডুকেশন অব এডিকশন প্রফেশনালস্ এর উদ্যোগে “ট্রেনিং অব বাংলাদেশি ন্যাশনাল লেভেল ট্রেইনার অন ইউনিভার্সেল কারিকুলাম ফর সাবসেটন্স ইউজ ট্রিটমেন্ট প্রফেশনালস্’’ শীর্ষক ১০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে শনিবার রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা শুরু হয়।
ভারত, ফিলিপাইন ও শ্রীলংকা হতে আগত আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিত্সায় নিয়োজিত ১৫ জন চিকিত্সক ও পেশাজীবীকে এই প্রশিক্ষণ দিচ্ছেন। বাংলাদেশি প্রশিক্ষণার্থী ছাড়াও শ্রীলংকার ১ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নিচ্ছেন। কর্মশালা পরিচালনার দায়িত্বে রয়েছেন কলম্বো প্লান এসিসিই এর এক্সিকিউটিভ ট্রেইনার মিস সুস্মিতা ব্যানার্জী। মাদকাসক্ত চিকিত্সা একটি বিশেষায়িত পদ্ধতির চিকিত্সা। দেশের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহে মাদকাসক্ত চিকিত্সায় অভিজ্ঞ জনবলের স্বল্পতা রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের চিকিত্সা সেবার মানোন্নয়ন ঘটবে।