বাসযাত্রী কুকুর!

ইটালির জেনোয়া শহরের একটি কুকুর বিস্ময়কর এক বিদ্যা লাভ করেছে। সে একা একা বাসে চড়ে এখানে ওখানে নেমে সারা শহর ঘুরে আবার ভিন্ন বাসে চড়ে নিরাপদে মনিবের বাড়ি ফিরে আসতে পারে! সে শহরের সমস্ত বাস সিস্টেমেই উঠতে ও নামতে পারে। অন্য যাত্রীরা যেমন বাসের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কুকুরটিও তেমনি তাদের সাথে লাইনে দাঁড়ায়! তবে কপাল ভালো বাসের কন্ডাক্টর তার কাছে ভাড়া চায় না! ক্যামিলো নামের ওই কুকুরটি শিশুকাল থেকেই বাসে চড়ার বিদ্যা লাভ করেছে। বর্তমানে তার বয়স ১২ বছর। সে শহরের কয়েকটি দোকানের মালিকদের সঙ্গে বেশ ভাবও তৈরি করে ফেলেছে। সেই দোকানগুলোতে গেলে কর্মচারীরা তাকে কাবাব ও বিস্কুট খেতে দেয়। প্রতিদিন সন্ধ্যা নামার আগেই সে বাড়ি ফিরে আসে। কোনোদিন তাকে খুঁজতে যেতে হয়নি। কুকুরটির মালিক জানেন না যে ক্যামিলো সারাদিন কোথায় কোথায় বেড়িয়ে এসেছে। কিভাবে এটি সম্ভব? প্রাণীর আচরণ বিষয়ক গবেষক লুইগি বইটানি এ ব্যাপারে বলেন, মানুষের মতো পথ এবং রুট চিনে চিনে সে ভ্রমণ করে না। পরিচিত ঘ্রান এবং সেন্সর ক্ষমতাকে ব্যবহার করে সে। একবার কোনো জায়গায় গেলে পরেরবার সেটি চিনতে কোনো অসুবিধা হয় না তার।